কথিত যুদ্ধবিরতির মধ্যেই উত্তর ও দক্ষিণ গাজাজুড়ে বিমান হামলা ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলের বর্বর সেনাবাহিনী। দখলদার বাহিনীর এই আগ্রাসনে একের পর এক ঘরবাড়ি ধ্বংস ও হতাহতের খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশের কথা ছিল তার মাত্র এক-চতুর্থাংশ ঢুকতে দিচ্ছে দখলদার বাহিনী, আটকে রেখেছে মোট ত্রাণের ৭৫ শতাংশই। হামলা অব্যাহত রয়েছে, হতাহতের
সংখ্যা ৮ শতাধিক।
বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদন অনুযায়ী, রোববার ইসরায়েলি আর্টিলারি দক্ষিণ গাজার পূর্ব খান ইউনিস এলাকায় গোলাবর্ষণ করে। একই সময়ে ইসরায়েলি সেনারা উত্তর গাজার পূর্ব জাবালিয়া ও খান ইউনিসের পূর্বাঞ্চলের আরও কয়েকটি স্থানে গুলিবর্ষণ চালায়। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পূর্ব খান ইউনিসে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের ফলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
যুদ্ধবিরতির ঘোষণা করার পরও প্রায় প্রতিদিনই হামলা চালানোয় এই যুদ্ধবিরতি আদৌ কার্যকর কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এর আগে এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত আট শতাধিক ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন।
অন্যদিকে, ফিলিস্তিনের গাজায় প্রতিশ্রুত ত্রাণের মাত্র এক-চতুর্থাংশ ঢুকতে দিচ্ছে ইসরায়েল। অর্থাৎ মোট ত্রাণের ৭৫ শতাংশই আটকে রেখেছে দেশটি।
শনিবার গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এক বিবৃতিতে জানায়, ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ২০৩টি বাণিজ্যিক ও ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। অর্থাৎ প্রতিদিন গড়ে মাত্র ১৪৫টি ট্রাক প্রবেশের অনুমতি পেয়েছে, যা যুদ্ধবিরতির অংশ হিসেবে নির্ধারিত দৈনিক ৬০০ ট্রাকের মাত্র ২৪ শতাংশ।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে ত্রাণ ও বাণিজ্যিক পণ্যবাহী ট্রাকগুলোকে বাধা দিচ্ছে। এর ফলে ২৪ লাখেরও বেশি মানুষের মানবিক সংকট ভয়াবহভাবে বেড়েছে। আর এর দায় সম্পূর্ণ ইসরায়েলের।