জনবল ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে দীর্ঘদিন ধরে চালু করা যাচ্ছিল না পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবন। অবশেষে এই ভবনটি দ্রুত চালু করতে জেলা প্রশাসনের উদ্যোগে ‘পঞ্চগড় স্বাস্থ্য সহায়তা তহবিল’ নামে একটি ফান্ড গঠন করা হয়েছে। সেই তহবিলে অনুদান হিসেবে ১০ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২ নভেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. সাবেত আলীর হাতে ১০ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন মিজানুর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলওয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
খোঁজ নিয়ে জানা যায়, ১০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে প্রতিদিন গড়ে অন্তত ২৫০ জনের বেশি রোগী ভর্তি থাকেন। শয্যা সংকটের কারণে রোগীদের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছিল কর্তৃপক্ষ। এই সংকট ঘোচাতে হাসপাতালটিকে ২৫০ শয্যায় রূপান্তরের জন্য ৯ তলাবিশিষ্ট ভবন নির্মাণ করা হয়েছে, যার কাজ প্রায় সম্পন্ন।
জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে হাসপাতালটির নতুন ভবন চালুর বিষয়ে গত ১৮ অক্টোবর জেলা প্রশাসক সব দলের নেতাদের নিয়ে একটি সভা করেন এবং ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে ‘জেলা স্বাস্থ্য সহায়তা তহবিল’ চালু করেন।
পঞ্চগড়ের সিভিল সার্জন মিজানুর রহমান জানান, এই তহবিলটি স্থায়ীভাবে জেলার সাধারণ মানুষের বিভিন্ন স্বাস্থ্যসেবায় কাজে আসবে। তিনি আশা করছেন, চলতি নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে সীমিত পরিসরে হাসপাতালের নতুন ভবনটি চালু করা সম্ভব হবে।