বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের কারণে দেশ এখন ‘অন্ধকারে’ রয়েছে।
স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) ডেমোক্র্যাট দলের নির্বাচনী র্যালীতে যোগ দেন ওবামা। নরফোকের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে উচ্ছ্বসিত জনতার উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনকে আইন-শৃঙ্খলা-হীনতা, বিবেচনা-শূন্যতা এবং নিছক পাগলামির প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, "এই হোয়াইট হাউস প্রতিদিন নতুনভাবে পাগলামি প্রদর্শন করছে।"
তিনি ট্রাম্পের শুল্ক নীতি ও জাতীয় গার্ড মোতায়েনের কৌশলের সমালোচনা করে এসব পদক্ষেপকে ‘বিশৃঙ্খল’ হিসেবে আখ্যায়িত করেন।
ট্রাম্পকে বিদ্রুপ করে তিনি হোয়াইট হাউসকে "হ্যালোইনের" সঙ্গে তুলনা করেন, যেখানে "সবই ধোঁকা, কোনো আনন্দ নেই।" সমাপনী বক্তৃতায় তিনি ভোটারদের সত্য সহানুভূতি এবং গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর’ আহ্বান জানান।