আফগানিস্তানের
উত্তরাঞ্চলীয়
মাজার-ই-শরিফ শহরের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৬.৩ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ২০ জন নিহত
এবং ৩২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান জনস্বাস্থ্য মন্ত্রণালয়। অনুসন্ধান অভিযান শুরু হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, সোমবার রাত ১২:৫৯ মিনিটে (২০:২৯ জিএমটি) মাজার-ই-শরিফের কাছে ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএস তাদের প্রম্পট অ্যাসেসমেন্ট অফ গ্লোবাল আর্থকোয়েকস
ফর রেসপন্স (পি.এ.জি.ই.আর)-এর সিস্টেমে একটি কমলা সতর্কতা জারি করেছে। এই সতর্কতায় বলা হয়েছে, ভূমিকম্পে "উল্লেখযোগ্য হতাহতের সম্ভাবনা রয়েছে এবং দুর্যোগটি সম্ভাব্যভাবে ব্যাপক।" অতীতের এই স্তরের ঘটনার জন্য আঞ্চলিক বা জাতীয় স্তরের দ্রুত প্রতিক্রিয়া প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।
বলখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, ভূমিকম্পের প্রভাবে পবিত্র মাজার-ই-শরীফের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। মাজার-ই-শরিফের প্রায় ৫ লাখ ২৩ হাজার জনসংখ্যার অনেক বাসিন্দা ঘরবাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় মধ্যরাতে রাস্তায় নেমে আসেন।
২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে এটি দেশটিতে আঘাত হানা মারাত্মক ভূমিকম্পের তালিকায় যুক্ত হলো। এর মাত্র দুই মাস আগে, পূর্বাঞ্চলে এক ভূমিকম্পে ২০০০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। বিদেশি সাহায্য নাটকীয়ভাবে হ্রাস পাওয়ায়, বারবার এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা তালেবান সরকারের শাসনক্ষমতার জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।