অর্থনৈতিক চ্যালেঞ্জ ও বাহ্যিক চাপ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পুনরায় শুরু করতে ইরানের কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন তেহরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
রবিবার আল জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র যদি পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি সমান অবস্থান থেকে আলোচনা করতে চায়, তবে ইরান পরোক্ষ আলোচনায় যুক্ত হতে প্রস্তুত।
আরাকচি বলেন, আলোচনা পুনরায় শুরুর জন্য যুক্তরাষ্ট্র যে শর্তগুলি দিয়েছে—যার মধ্যে সরাসরি আলোচনার ওপর জোর দেওয়া, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যের কোঠায় নামানো, এবং ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ও আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থন সীমিত করার মতো বিষয় রয়েছে, তা অযৌক্তিক এবং অন্যায্য। এই শর্তগুলির কারণে আলোচনা অসম্ভব বলে মনে করেন তিনি।
আরাকচি মন্তব্য করেন, মনে হচ্ছে তাদের (যুক্তরাষ্ট্রের) কোনো তাড়া নেই। আমাদেরও তাড়াহুড়ো নেই।
জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা ও অন্যান্য চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি এই অবস্থানে অটল রইলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক গতিশীলতা মোড় নিচ্ছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে একজন "যুদ্ধাপরাধী" আখ্যা দিয়ে বলেন, তিনি ইসরায়েলই মূল শত্রু, ইরান নয় তা সমগ্র অঞ্চলের কাছে প্রমাণ করেছেন।
তার এই মন্তব্যের দুদিন পরই ওমানের প্রধান কূটনীতিক বাদর বিন হামাদ আল-বুসাইদি প্রকাশ্যে নেতানিয়াহু এবং তার কঠোরপন্থী সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরেই জানি যে আঞ্চলিক অস্থিতিশীলতার প্রধান উৎস ইরান নয়, বরং ইসরায়েল।
ওমান বহু বছর ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক, আর্থিক ও বন্দি বিনিময়সহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ওমানের মাধ্যমে তেহরানে নতুন বার্তা পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ইরানের সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বার্তার বিষয়বস্তু নিয়ে কিছু জানাননি।
আরাকচি সাক্ষাৎকারে জানান, ইরানের কাছে থাকা প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় পুরোটাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।
তিনি বলেন, আমরা পরিস্থিতি প্রস্তুত না হওয়া পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে তা সরানোর কোনো ইচ্ছা পোষণ করি না। ৪০০ কেজির ঠিক কতটুকু অক্ষত বা ধ্বংস হয়েছে, সে সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।
তিনি আরও উল্লেখ করেন যে, চীন ও রাশিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা ইউরোপীয় দেশগুলোর মাধ্যমে ইরানের ওপর পুনরায় আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলিকে স্বীকৃতি দেয় না।
ফ্রান্স, যুক্তরাজ্য এবং জার্মানি তেহরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আগ্রহ দেখালেও, এখনও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।