প্রকাশের তারিখঃ Nov 4, 2025 ইং
কোহলি-বাবরদেরও ছাড়িয়ে গেলেন মিলিন্দ কুমার
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ন্যূনতম ১০০০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড়ের নতুন রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার মিলিন্দ কুমার। এই রেকর্ডের সুবাদে তিনি পেছনে ফেললেন ভারতীয় তারকা বিরাট কোহলি ও পাকিস্তানের বাবর আজমের মতো কিংবদন্তিদের। এতদিন এই রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের তারকা অলরাউন্ডার ও বর্তমানে ভারতের ব্যাটিং কোচ রায়ান টেন ডাসকাটের দখলে। টেন ডাসকাট তাঁর ৩৩ ওয়ানডের ক্যারিয়ার শেষ করেছিলেন ৬৭ গড়ে ১৫৪১ রান নিয়ে। গড় রানের দিক থেকে তাকে ছাড়িয়ে গেলেন মিলিন্দ কুমার। দারুণ ফর্মে থাকা যুক্তরাষ্ট্রের এই তারকা এখন পর্যন্ত ২২টি ওয়ানডে খেলে ৬৭.৭৩ গড়ে ১০১৬ রান করেছেন। মিলিন্দের এই ব্যাটিং পারফরম্যান্সের গ্রাফ এতটা ঊর্ধ্বমুখী হয়েছে চলতি বছর। ২০২৫ সালে ১২ ওয়ানডেতে তিনি ৮১.৫০ গড়ে করেছেন ৬৫২ রান।
মিলিন্দ কুমার ও টেন ডাসকাটের পর গড় রানের হিসাবে তালিকায় রয়েছেন— কোহলি (৫৭.৭১ গড়ে ১৪২৫৫ রান), ভারতীয় অধিনায়ক শুভমান গিল (৫৬.৩৬ গড়ে ২৮১৮ রান), ইংল্যান্ডের ডেভিড মালান (৫৫.৭৬ গড়ে ১৪৫০ রান), পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম (৫৪.২৩ গড়ে ৬২৯১ রান), অস্ট্রেলিয়ান কিংবদন্তি মাইকেল বেভান (৫৩.৫৮ গড়ে ৬৯১২ রান) ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (৫৩.৫০ গড়ে ৯৫৭৭ রান)।
বর্তমানে আইসিসি বিশ্বকাপের লিগ পর্ব-২ এ খেলছে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মিলিন্দ কুমার ১৩৭ এবং সাইতেজা মুক্কামাল্লা ১২৩ রান করেন। এই ম্যাচে চতুর্থ উইকেট জুটিতে তারা দুজন মিলে ২৬৪ রান যোগ করেন। যা ওই পজিশনে আন্তর্জাতিক ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। এর আগে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ও অজয় জাদেজা মিলে ১৯৯৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ উইকেটে ২৭৫ রান করেছিলেন, যা সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের দেওয়া ২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরব আমিরাত মাত্র ৪৯ রানে গুটিয়ে যায়। মার্কিনীদের পক্ষে ২২ রানে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন রুশিল উগারকার। এর ফলে ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র ২৪৩ রানের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে।
Copyright © 2026 All rights reserved.