প্রকাশের তারিখঃ Nov 4, 2025 ইং
সাতক্ষীরা-৩ আসন: বিএনপির মনোনয়ন না পাওয়ায় শহিদুলের সমর্থকদের অর্ধদিবস হরতাল
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল আলম দলীয় মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে অর্ধ-দিবস হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার কর্মী-সমর্থকেরা।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) নলতা হাসপাতাল মোড়ে বেলা ১১টায় সড়ক অবরোধ করে তারা মিছিল ও সমাবেশ করেন। ঘণ্টাব্যাপী কর্মসূচির কারণে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় নলতা বাজারে দোকানপাট বন্ধ ছিল।
নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান, বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা সাতক্ষীরা-৩ আসনে কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় আজ সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশসহ আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তাঁরা বলেন, শহিদুল আলম মনোনয়ন না পেলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে। তারা বিএনপির কেন্দ্রিয় কমিটিকে এ আসনের মনোনয়ন পরিবর্তন করার আহ্বাণ জানান।
Copyright © 2026 All rights reserved.