চট্টগ্রামের
পাঁচলাইশ থানার হামজারবাগে মো. হাসিব
(২৬) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত হাসিব নগরীর ২নং গেইট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন।
সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাতে নগরীর চান্দগাঁও থানার মৌলভীপুকুর এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. জাহেদুল ইসলাম। এর আগে সোমবার দুপুরে হামজারবাগের সঙ্গীত আবাসিক এলাকায় হাসিবকে হত্যা করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেপ্তার হওয়া জাহেদুলের স্ত্রী খায়রুন বনাহার ওরফে তানহার সঙ্গে চার থেকে পাঁচ মাস আগে ফেসবুকে হাসিবের পরিচয় হয়। এরপর তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বিষয়টি জাহেদুল জানার পর হাসিবকে ফোন করে কৌশলে চা খাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যান। সঙ্গীত আবাসিক এলাকার একটি বিল্ডিংয়ের সামনে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহেদুল ছুরি দিয়ে হাসিবকে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে আসামি জাহেদুলকে চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জাহেদুল হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।