প্রকাশের তারিখঃ Nov 5, 2025 ইং
নাটোর-১ আসনে ভাই-বোনের দ্বন্দ্ব চরমে
নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই ভাই-বোনের দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, যা বর্তমানে উত্তেজনা ও সংঘর্ষে রূপ নিয়েছে। এই আসনে সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা ও নাটোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়নবঞ্চিত হয়েছেন তারই বড় ভাই, জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন।
পুতুলের নাম ঘোষণার প্রতিবাদে সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার গোধড়া এলাকায় রাজনের সমর্থকেরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এসময় তারা রাজনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
এর আগে সোমবার সন্ধ্যায় পুতুলের সমর্থকদের বিরুদ্ধে উপজেলার গৌরীপুর বাজারে জিল্লুর রহমান নামের এক ছাত্রদল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। আহত জিল্লুর নিজেকে রাজনের সমর্থক হিসেবে দাবি করেন। তার অভিযোগ, রাজনের সমর্থক হওয়ায় মনোনয়ন ঘোষণার পর পুতুলের সমর্থকরা তার ওপর হামলা করেছে।
আহত জিল্লুর রহমান জানান, মনোনয়ন ঘোষণার পর পুতুলের স্থানীয় কয়েকজন সমর্থক তার দোকানে এসে হামলা করে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্টের সময় আমি বিভিন্ন হামলা-মামলার শিকার হয়েছি। রাজন ভাইয়ের সঙ্গে রাজনীতি করার কারণেই পুতুলের সমর্থকরা আমার ওপর হামলা করেছে। তিনি এ ধরনের বিশৃঙ্খলা বন্ধে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ফারজানা শারমিন পুতুলের একজন কর্মীর বিরুদ্ধে ইয়াসির আরশাদ রাজনের একজন কর্মীকে মারধরের অভিযোগ এসেছে। এ বিষয়ে আহত জিল্লুর রহমানের ভাই বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ওসি আরও জানান, নাটোর-পাবনা মহাসড়কে কয়েকজন টায়ার জ্বালালে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিক্ষোভকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
Copyright © 2026 All rights reserved.