প্রকাশের তারিখঃ Nov 5, 2025 ইং
জুলাই যোদ্ধারা মিডিয়ায় যুক্ত হলে গুণগত মান বাড়বে: মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক : জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে গণমাধ্যমে গুণগত পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
বুধবার (৫ নভেম্বর) ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, দেশের স্বার্থেই জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন। ইতিবাচক পরিবর্তনের জন্য তাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। তিনি বলেন, এখনও মিডিয়ার অনেক স্তরে আওয়ামী লীগের অনুসারীরা অবস্থান করছেন, যারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। জুলাই যোদ্ধারা যদি এই জায়গায় আসেন, তাহলে মিডিয়াতে নতুন ধারা তৈরি হবে। জুলাই যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা চেতনায় ও মননে জুলাই যোদ্ধা। কর্মক্ষেত্রে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় যেন সৃজনশীল কাজের চেয়ে বড় হয়ে না ওঠে। সত্য, দেশ ও সার্বভৌমত্বের পক্ষে থেকেই আপনাদের কাজ করতে হবে।
মাহফুজ আলম জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাই যোদ্ধা ও গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৩০০ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে তিনি জানান। পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায় থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক ও উপপরিচালক সুমনা পারভীন।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৬ জন জুলাই যোদ্ধাকে সনদপত্র দেওয়া হয়।
Copyright © 2026 All rights reserved.