প্রকাশের তারিখঃ Nov 6, 2025 ইং
গাজা পুনর্গঠন নিয়ে প্রশ্ন করায় ইতালীয় সাংবাদিক বরখাস্ত
গাজা পুনর্গঠনের ব্যয়ভার বহনের বিষয়ে ইউরোপীয় কমিশনের এক কর্মকর্তাকে প্রশ্ন করায় রোমের নোভা নিউজ এজেন্সির ব্রাসেলস-ভিত্তিক সংবাদদাতা গাব্রিয়েলে নুনজিয়াতিকে তাঁর চুক্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাত্র এক মাস আগেই তিনি এই দায়িত্ব নিয়েছিলেন।
দ্য ইন্টারসেপ্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে নুনজিয়াতি জানান, আমি আমার সংবাদ সংস্থার কাছ থেকে একটি ইমেইল পেয়েছি, যেখানে তারা জানিয়েছে যে তারা আমাকে সহযোগিতা করবে না।
ইতালীয় সংবাদমাধ্যম ফ্যানপেজ (Fanpage) প্রথমে এই খবরটি প্রকাশ করে। ঘটনাটি ঘটেছে গত ১৩ অক্টোবরের এক প্রেস কনফারেন্সে, যেখানে নুনজিয়াতি ইউরোপীয় কমিশনের মুখপাত্র পাউলা পিনহো-কে সরাসরি প্রশ্ন করেন। তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের সঙ্গে গাজার পরিস্থিতির তুলনা টেনে জানতে চান, আপনারা বারবার বলছেন যে রাশিয়াকে ইউক্রেন পুনর্গঠনের জন্য অর্থ দিতে হবে। তাহলে কি আপনারা বিশ্বাস করেন যে ইসরায়েলকেও গাজার পুনর্গঠনের খরচ বহন করা উচিত? যেহেতু তারা প্রায় সব নাগরিক অবকাঠামো ধ্বংস করেছে।
পিনহো জবাবে এটিকে 'আকর্ষণীয় প্রশ্ন' বললেও এ নিয়ে কোনো মতামত দেননি। এই সংলাপের ভিডিও ক্লিপটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। নুনজিয়াতি জানান, ভিডিওটি জনপ্রিয়তা পাওয়ার দুই সপ্তাহ পর ২৭ অক্টোবর তিনি বরখাস্তের ইমেইল পান। নোভা নিউজ-এর মুখপাত্র ফ্রান্সেস্কো সিভিতা দ্য ইন্টারসেপ্টকে নিশ্চিত করেন যে, সংস্থাটি গাজা সম্পর্কিত প্রশ্ন করার কারণেই নুনজিয়াতির সঙ্গে সম্পর্ক রাখবে না।
ইতালীয় পার্লামেন্টের সদস্য আনা লাউরা অররিকো প্রকাশ্যে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, যদি ঘটনাটি সত্য হয়, তবে এটি একটি সংবাদমাধ্যমের জন্য লজ্জাজনক সিদ্ধান্ত।
Copyright © 2026 All rights reserved.