প্রকাশের তারিখঃ Nov 6, 2025 ইং
সীমান্তে ‘৬২ কিলোমিটার দখলকে’ গুজব বলল বিজিবি
নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটের ৬২ কিলোমিটার এলাকা ভারত দখল করে নিয়েছে— সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন প্রচারকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও রাষ্ট্রবিরোধী’ গুজব বলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে বিজিবি এ ধরনের অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদও জানিয়েছে।
দেশের সীমান্তরক্ষী বাহিনী বলছে, অতি সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লালমনিরহাটে ভারতের ৬২ কিলোমিটার দখল?’ শিরোনামে একটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মনগড়া ও রাষ্ট্রবিরোধী গুজব প্রচার করছে।
এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার’ প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা এবং রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা চালানো হচ্ছে বলে মনে করছে বাহিনীটি।
বিজিবির ভাষ্য, সার্বভৌম বাংলাদেশের ভূখণ্ডের সীমান্তের প্রতিটি ইঞ্চি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য দেশপ্রেম ও সর্বোচ্চ পেশাগত উৎকর্ষতায় উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনে সদা জাগ্রত রয়েছে।
যে কোনো তথ্য বা গুজব যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা মন্তব্য করা থেকে বিরত থাকার পাশাপাশি অপপ্রচারকারীদের সম্পর্কে সতর্ক থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
Copyright © 2026 All rights reserved.