প্রকাশের তারিখঃ Nov 8, 2025 ইং
হাসিনা -আ,লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখনই সিদ্ধান্ত নিতে হবে: শফিকুল আলম
শেখ হাসিনা পুরো জাতিকেই অপমানিত করেছেন। হাসিনা ও আ,লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখন একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, আমার মনে হয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখন একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।
তিনি জানান, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই, বলেন তিনি।
সংস্কার প্রসঙ্গে প্রেসসচিব বলেন, মানুষ সুশাসন চায় কিন্তু তা একদিনে প্রতিষ্ঠা সম্ভব নয়। বিভিন্ন দেশে সংস্কার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলে। নির্বাচনের পরও সংলাপ হতে পারে। নেপালে এমন সংস্কার কার্যকর হতে নয় বছর লেগেছিল।
জুলাই সনদে নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নিজেরাই সব শ্রেণি পেশার প্রতিনিধিত্ব করে। সনদেও সেই ভারসাম্য রয়েছে।
এ সময় তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত পরিবর্তন আনছে, যা কর্মসংস্থানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরবর্তী সরকারের অন্যতম বড় কাজ হবে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, মন্তব্য করেন শফিকুল আলম।
Copyright © 2026 All rights reserved.