প্রকাশের তারিখঃ Nov 8, 2025 ইং
গুজরাটে নারী ডাকাতকে ২৫ সেকেন্ডে ২০ থাপ্পড়
ভারতের গুজরাটে এক স্বর্ণ দোকানির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা করেছিলেন এক নারী। কিন্তু দোকানি দ্রুত বিষয়টি বুঝতে পেরে ওই নারী ডাকাতকে ধরে ২৫ সেকেন্ডের মধ্যে ২০ বার থাপ্পড় মারেন। গত ৩ নভেম্বরের এই ঘটনার সিসিটিভি ফুটেজ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভারতের গুজরাটে এক স্বর্ণের দোকানে ফিল্মি কায়দায় ডাকাতির চেষ্টা ব্যর্থ হলো এক সাহসী দোকানির তৎপরতায়। গত ৩ নভেম্বর এই ঘটনা ঘটে। দোকানির চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা করেছিলেন এক নারী।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিসিটিভির ফুটেজে দেখা যায়, ওই নারী ডাকাত মুখ ওড়না দিয়ে ঢেকে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। এর কয়েক মুহূর্ত পরই তিনি দোকানির চোখে মরিচের গুঁড়া ছুড়ে মারেন। তবে মরিচের গুঁড়া দোকানির চোখে লাগেনি।
ডোকানি সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝতে পেরে ওই নারীকে ধরে একের পর এক চড় মারতে থাকেন। জানা গেছে, তিনি ২৫ সেকেন্ডের মধ্যে প্রায় ২০ বার থাপ্পড় মারেন এবং মারতে মারতে ওই নারীকে দোকানের বাইরে নিয়ে যান। ভয়াবহ ডাকাতি থেকে বেঁচে যান ওই দোকানি।
পুলিশ জানিয়েছে, ডাকাতি চেষ্টার শিকার হলেও দোকানি কোনো ধরনের আনুষ্ঠানিক মামলা করতে চাননি। তবে আহমেদাবাদ পুলিশ স্ব-উদ্যোগে তদন্ত শুরু করেছে।
মাইক্রোব্লগিং সাইট এক্সে (পূর্বে টুইটার) আহমেদাবাদ পুলিশ এক পোস্টে জানিয়েছে, এই ঘটনায়, দোকানির সঙ্গে আমাদের কর্মকর্তারা দুইবার দেখা করেছেন। কিন্তু তিনি আনুষ্ঠানিক কোনো মামলা করতে চান না। তা সত্ত্বেও পুলিশ নিজে তদন্ত শুরু করেছে এবং সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত ও আটকের চেষ্টা করছে। দোকানি কেন মামলা করতে চাচ্ছেন না, তা স্পষ্ট নয়।
Copyright © 2026 All rights reserved.