টেনিসের তরুণ তারকাদের চ্যালেঞ্জ সত্ত্বেও সার্বিয়ার কিংবদন্তি নোভাক জোকোভিচ এথেন্সে হেলেনিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিজের ১০১তম ক্যারিয়ার ট্রফি নিশ্চিত করেছেন। এই জয়ের মাধ্যমে তিনি রজার ফেদেরারকে ছাড়িয়ে হার্ড কোর্টে সর্বোচ্চ একক শিরোপা (৭২টি) জেতার নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। তবে চোটের কারণে তিনি আসন্ন এটিপি ফাইনাল্সে খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন।
৩৭ বছর বয়সী সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ আবারও প্রমাণ করলেন যে তিনি এখনও অপ্রতিরোধ্য। তরুণ প্রতিদ্বন্দ্বী কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারের চ্যালেঞ্জ সত্ত্বেও, এথেন্সে অনুষ্ঠিত হেলেনিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে লরেঞ্জো মুসেত্তিকে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পরাজিত করে তিনি তাঁর ১০১তম এটিপি ক্যারিয়ার শিরোপা জিতেছেন।
এই জয়ের মধ্য দিয়ে জোকোভিচ এক অনন্য বিশ্বরেকর্ড গড়লেন। এটি ছিল তাঁর হার্ড কোর্টে জেতা ৭২তম একক শিরোপা, যা তাঁকে সুইস কিংবদন্তি রজার ফেদেরারকে (৭১টি) ছাড়িয়ে পুরুষদের টেনিস ইতিহাসে হার্ড কোর্টে সর্বোচ্চ শিরোপা জয়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ইতিহাসে জোকোভিচ বর্তমানে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম (২৪), ফাইনাল (৩৭), সেমিফাইনাল (৫৩) এবং কোয়ার্টার ফাইনালে (৬৪) খেলার রেকর্ডও নিজের দখলে রেখেছেন।
ফাইনালে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা কঠিন ম্যাচটি জেতার পর জোকোভিচ মুসেত্তিকে ধন্যবাদ জানান। জয়ের পর তিনি ঘোষণা করেন, কাঁধের চোটের কারণে তিনি আগামী এটিপি ফাইনাল্স-এ অংশ নেবেন না। তিনি বলেন, শারীরিকভাবে এটি তিন ঘণ্টার কঠিন ম্যাচ ছিল। এই লড়াইয়ে জয় পেতে পেরে আমি খুব গর্বিত।