প্রকাশের তারিখঃ Nov 9, 2025 ইং
মালয়েশিয়া-থাই সীমানায় ৯০ অভিবাসীর নৌকাডুবি, জীবিত উদ্ধার ৬
মিয়ানমার থেকে মালয়েশিয়ার দিকে যাওয়ার সময় অবৈধ অভিবাসীবাহী একটি নৌকা মালয়েশিয়া ও থাইল্যান্ডের সমুদ্রসীমার মাঝামাঝি এলাকায় ডুবে গেছে। নৌকাটিতে বাংলাদেশিসহ মিয়ানমার ও রোহিঙ্গা নাগরিকসহ প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত কেবল ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
অবৈধ পথে মিয়ানমার থেকে মালয়েশিয়া ভ্রমণের সময় অবৈধ অভিবাসীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে বাংলাদেশের নাগরিকসহ মিয়ানমারের বাসিন্দা ও রোহিঙ্গা শরণার্থী মিলিয়ে প্রায় ৯০ জন আরোহী ছিলেন।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়মেইল রবিবার (৯ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, নৌডুবির ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া মিয়ানমারের এক নারীর মৃতদেহ সাগর থেকে উদ্ধার করা হয়েছে।
কেদাহ রাজ্যের পুলিশ প্রধান দাতুক আদজিল আবু শাহ জানান, এই অভিবাসনপ্রত্যাশী দলটি প্রথমে একটি বড় জাহাজে ছিল, যেখানে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। পরে মানবপাচারকারীরা তাদের তিন ভাগে ভাগ করে তিনটি ছোট নৌকায় তুলে দেয়, যেখানে প্রতিটি নৌকায় প্রায় ৯০ জন যাত্রী ছিলেন।
তিনি নিশ্চিত করেন যে, তিনটি নৌকার মধ্যে একটি ডুবে গেছে। তবে বাকি দুটি নৌকার অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ছয়জনের মধ্যে একজন বাংলাদেশি, দুইজন রোহিঙ্গা এবং তিনজন মিয়ানমারের নাগরিক।
পুলিশ কর্মকর্তা আদজিল আরও জানান, এই অভিবাসীরা প্রায় এক মাস আগে যাত্রা শুরু করেছিলেন এবং প্রত্যেকে পাচারকারীদেরকে প্রায় সাড়ে তিন লাখ টাকা করে দিয়েছেন। নিখোঁজদের খোঁজে এবং বাকি দুটি নৌকা খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
Copyright © 2026 All rights reserved.