প্রকাশের তারিখঃ Nov 9, 2025 ইং
আরএসএফ হামলায় এল-ফাশর ছাড়ল ১৬ হাজার মানুষ
সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশরে র্যা পিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর তীব্র হামলার মুখে প্রায় ৩ হাজার ২৪০টি পরিবার পশ্চিমাঞ্চলের টাওইলা শহরে পালিয়ে গেছে। এই বাস্তুচ্যুতির কারণে ১৬ হাজার ২০০ মানুষের জরুরি খাদ্য, ওষুধ, আশ্রয় এবং মানসিক সহায়তার প্রয়োজন বলে স্থানীয় সংস্থাগুলো জানিয়েছে।
সুদানের এল-ফাশর শহর থেকে বেসামরিক নাগরিকদের ব্যাপক পলায়নের খবর পাওয়া যাচ্ছে। স্থানীয়ভাবে বাস্তুচ্যুত ও শরণার্থী বিষয়ক সমন্বয় সংস্থা জানিয়েছে, আরএসএফের হামলার তীব্রতার মুখে গত শনিবার পর্যন্ত ৩ হাজার ২৪০টির বেশি পরিবার এল-ফাশর ছেড়ে পার্শ্ববর্তী টাওইলা শহরে আশ্রয় নিয়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে সতর্ক করেছে যে, বাস্তুচ্যুত এই বিপুল সংখ্যক মানুষের মধ্যে অপুষ্টি, খাদ্য ও বিশুদ্ধ পানিসহ মৌলিক চাহিদাগুলোর চরম ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে পরিস্থিতি ক্রমান্বয়ে কঠিন হচ্ছে।
উল্লেখ্য, স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, বেসামরিক নাগরিকদের ওপর গণহত্যা চালানোর পর গত ২৬ অক্টোবর আরএসএফ এল-ফাশর দখল করে নেয়। ওই ঘটনার পর থেকেই মূলত ব্যাপক হারে মানুষ পালাতে শুরু করে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর পরিসংখ্যান অনুযায়ী, ২৬ অক্টোবর থেকে এখন পর্যন্ত এল-ফাশর এবং এর আশেপাশের এলাকা থেকে ৮১ হাজারেরও বেশি মানুষ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এছাড়া, আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, বাস্তুচ্যুতদের মধ্যে অপুষ্টির হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘাত চলছে, যাতে হাজারো মানুষ নিহত এবং লাখ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।
Copyright © 2026 All rights reserved.