প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
পুরান ঢাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিচয়পত্র পাওয়া গেছে, তাঁর নাম তারিক সাইফ মামুন এবং তাঁর বাড়ি লক্ষ্মীপুরে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে। দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের প্রবেশপথের সামনে গুলি করে এক যুবককে হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, দুর্বৃত্তরা অত্যন্ত কাছ থেকে ওই ব্যক্তিকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইয়াসিন জানান, গুলিতে আহত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে আমরা দ্রুত উদ্ধার করি। প্রাথমিক তথ্যানুযায়ী, খুব কাছ থেকে তাঁকে গুলি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, দুজন ব্যক্তি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের প্রবেশমুখে এসে পেছন থেকে ওই ব্যক্তিকে গুলি করেন। গুলি করার পর তারা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশ নিহত ব্যক্তির কাছ থেকে তাঁর পরিচয়পত্র উদ্ধার করেছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন, এবং তাঁর বাড়ি লক্ষ্মীপুরে বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন যে ওই ব্যক্তির মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।
Copyright © 2026 All rights reserved.