প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারিক সাইফ মামুন (৫৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাষ্যমতে, নিহত মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। পুলিশ সূত্রের খবর অনুয়ায়ী, মামুন একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন এবং অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মুখোশ পরা দুজন মোটরসাইকেল আরোহী এলোপাতাড়ি গুলি ছুড়ে তাঁকে হত্যা করে পালিয়ে যায়।
রাজধানীর পুরান ঢাকায় ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের প্রবেশদ্বারের সামনে প্রকাশ্যে গুলি করে একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন (৫৫)। তাঁর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায় এবং তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
ডিএমপি’র লালবাগ জোনের ডেপুটি কমিশনার (ডিসি) আহসান উদ্দিন সামি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, নিহত মামুন ছিলেন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, মামুন একসময় আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী হিসেবে কাজ করতেন। অপরাধজগতের কর্তৃত্ব নিয়ে এই দুই গ্রুপের পুরোনো বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মামুন তাঁর গাড়ি থেকে নামার পর মুখোশ পরা দুজন মোটরসাইকেল আরোহী খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছয় থেকে সাতটি গুলি ছোড়ে। প্রত্যক্ষদর্শী আরাফাত হোসেন জানান, মোটরসাইকেল থেকে নেমে আসা হামলাকারীরা বেশ কয়েকটি গুলি করে এবং একটি গুলি হাসপাতালের তিনতলার কাচে গিয়ে লাগে। সিসিটিভি ফুটেজেও সাতটি গুলি ছোড়ার দৃশ্য দেখা যায়, যার মধ্যে তিনটি গুলি মামুনের শরীরে আঘাত হানে।
গুলিবিদ্ধ হওয়ার পর মামুন দৌড়ে হাসপাতালের গেট দিয়ে ঢোকার চেষ্টা করেন, কিন্তু গেটের কাছেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। হাসপাতালের ওয়ার্ডমাস্টার মহিবুল্লাহ জানান, গোলাগুলির শব্দ শুনে তাঁরা এসে সাইফ মামুনকে উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেন। তবে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, তারা হামলাকারীদের গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা চালাচ্ছে।
Copyright © 2026 All rights reserved.