প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
অতীতের কলঙ্ক এবার মুছে দিতে হবে: কুমিল্লায় ইসি আনোয়ারুল
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি, এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে। দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আসন্ন নির্বাচনে কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ১৮ কোটি মানুষের প্রত্যাশা একটি ভালো নির্বাচন।
সোমবার (১০ নভেম্বর) কুমিল্লা বার্ডের একটি অডিটোরিয়ামে নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়- শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের আর মাত্র ৮০ থেকে ৯০ দিন বাকি। এরপরও কারো মনে যদি সন্দেহ থাকে-নির্বাচন হবে না, তাহলে সেটি ভুল ধারণা। নির্বাচন হবেই এবং তা হবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছ।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল হালিম খান, কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিবিটিইপি উপপ্রধান (উপ-সচিব) ও প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান। কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম।
Copyright © 2026 All rights reserved.