প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
উখিয়ায় আগুনে দগ্ধ হয়ে ব্যবসায়ী নিহত, পুড়লো অর্ধশত দোকান
কক্সবাজারের উখিয়া সদর কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) বিকাল চারটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের অর্ধশতাধিক দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে।
কক্সবাজারের উখিয়া সদর কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত মোহাম্মদ আলী কাঁচাবাজারের কাপড়ের ব্যবসায়ী ছিলেন। এই ঘটনায় আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার বিকাল চারটার দিকে উখিয়া কৃষি ব্যাংক ভবনের পেছনের কাঁচাবাজার সড়কের একটি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুনের শিখা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রায় অর্ধশতাধিক দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসকে স্থানীয় জনগণ, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সহায়তা করেন।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ডলার বড়ুয়া অগ্নিকাণ্ডে একজন নিহত ও তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে আগুনের সূত্রপাত এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ চলছে। এদিকে, ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Copyright © 2026 All rights reserved.