প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
জুলাই সনদের বাইরে গেলেই দায় সরকারের: খন্দকার মোশাররফ
জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়াদির বাইরে গিয়ে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে তার সব দায়দায়িত্ব সরকারের ওপর বর্তাবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলটি জানিয়েছে, সেক্ষেত্রে সনদে স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দলের পক্ষে সেই সিদ্ধান্ত মানার বাধ্যবাধকতা থাকবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছর আলোচনার পর গত ১৭ অক্টোবর কিছু 'নোট অব ডিসেন্ট' সহ জুলাই জাতীয় সনদ ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইন মেনে এটি বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ।
খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা জুলাই সনদের বাইরে সরকারি সিদ্ধান্ত ঘোষণার প্রসঙ্গে যেসব বক্তব্য দিচ্ছেন, তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তকে উপেক্ষা করার শামিল।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, "জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়গুলোর বাইরে সরকার যদি কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, তবে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য সেই সিদ্ধান্ত মানার বাধ্যবাধকতা থাকবে না। সেক্ষেত্রে সব দায়দায়িত্ব সরকারের ওপরই বর্তাবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে সরকারের প্রতি এই বিষয়ে সতর্ক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
গতকাল সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত জানাতেই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 All rights reserved.