প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
জুলাই সনদের ৫ দাবিতে পল্টনে ৮ দলের সমাবেশ
রাজধানীর পল্টনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সমমনা আটটি রাজনৈতিক দলের সমাবেশ শুরু হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশে যোগ দিতে সকাল থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে মিছিল নিয়ে এসেছেন হাজার হাজার নেতাকর্মী। 'জুলাই সনদ বাস্তবায়ন কর' এবং 'গণভোটের তারিখ দাও' স্লোগানে পুরো পল্টন এলাকা মুখরিত হয়ে উঠেছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, সাংবিধানিক আদেশ জারি, নভেম্বর মাসেই গণভোট আয়োজন এবং নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে পল্টনে সমমনা আটটি রাজনৈতিক দল সমাবেশ করছে। এই সমাবেশকে কেন্দ্র করে পল্টন এলাকা এখন বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে।
সমাবেশের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে— অবিলম্বে জুলাই জাতীয় সনদকে কার্যকর করা এবং দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা। দলের নেতাকর্মীরা মিছিল, স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড হাতে সমাবেশস্থলে এসেছেন।
সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করিম (পীরসাহেব চরমোনাই)।
এছাড়াও বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।
Copyright © 2026 All rights reserved.