প্রকাশের তারিখঃ Nov 11, 2025 ইং
হবিগঞ্জের রশিদপুরে নতুন গ্যাস মজুতের সম্ভাবনা
হবিগঞ্জের রশিদপুর গ্যাসক্ষেত্রে আরও একটি কূপে অনুসন্ধানমূলক খনন কাজ শুরু করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)। এই ১১ নম্বর কূপটিতে ২৯.৪৯ বিলিয়ন কিউবেক ঘনফুট (বিসিএফ) গ্যাস মজুত থাকার সম্ভাবনা দেখছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে নবীগঞ্জ উপজেলার পানিউমদার ভরগাঁও এলাকায় খনন কাজ শুরু হয়েছে এবং আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মজুতের প্রকৃত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এই নতুন অনুসন্ধান দেশের জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দেশের গ্যাস উৎপাদন বাড়ানো এবং নতুন সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবে রশিদপুর গ্যাসক্ষেত্রের ১১ নম্বর কূপে (অনুসন্ধান কূপ) খনন কাজ শুরু করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর চৌধুরী নিশ্চিত করেছেন যে, গত ৮ নভেম্বর থেকে এই অনুসন্ধানমূলক কাজ শুরু হয়েছে। একাধিকবার জরিপ চালানোর পর এখানে বিপুল পরিমাণ গ্যাস মজুতের ব্যাপারে আশাবাদী তারা।
প্রকল্প পরিচালক জানান, যদি প্রত্যাশিত ২৯.৪৯ বিসিএফ গ্যাস মজুত পাওয়া যায়, তবে তা দিয়ে একটি আট বছরব্যাপী উৎপাদন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম পাঁচ বছর দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট এবং পরবর্তী তিন বছর দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
জানা গেছে, কূপটি প্রায় ২,৯০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। বর্তমানে চায়নার একটি কোম্পানি সিলেট গ্যাসফিল্ডের তত্ত্বাবধানে এই খনন কাজ করছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে খনন কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
Copyright © 2026 All rights reserved.