প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
রাজধানীর বাড্ডায় গুলিতে নিহত ১
রাজধানীর বাড্ডার কমিশনার গলিতে গুলিতে মামুন শিকদার (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কে বা কারা এই ব্যক্তিকে গুলি করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বাড্ডার মধ্য বাড্ডার কমিশনার গলির একটি মেসের নিচতলায় গুলির ঘটনাটি ঘটে। নিহত মামুন শিকদারের গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামুন শিকদার নামের ওই ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলেই মারা যান। তবে এই হত্যাকাণ্ডের কারণ বা এর সঙ্গে জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, নিহত ব্যক্তি পেশায় একজন শ্রমজীবী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মামুন শিকদার যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তিনি সেখানে থাকতেন না। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।
Copyright © 2026 All rights reserved.