প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
তেল-চিনি কিনবে সরকার: খরচ ২৩৭ কোটি
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও ইস্তানবুল থেকে বিপুল পরিমাণ সয়াবিন তেল এবং পরিশোধিত চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোট ১ লাখ ২০ হাজার লিটার সয়াবিন তেল এবং ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে প্রায় ২৩৭ কোটি ১৩ লাখ টাকা। প্রতি কেজি চিনি ৯৪.৯৪২ টাকা দরে এবং প্রতি লিটার সয়াবিন তেল ১৬৪.২১০ টাকা দরে কেনা হবে।
বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই দুটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই পণ্যগুলো আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা হবে।
উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে তুরস্কের ইস্তানবুল ভিত্তিক একটি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন পরিশোধিত চিনি কেনা হবে। এই চিনি ক্রয়ে সরকারের মোট খরচ হবে প্রায় ৭৮ কোটি ২৫ লাখ টাকা, যেখানে প্রতি কেজি চিনির দাম পড়বে ৯৪.৯৪২ টাকা।
অপর এক প্রস্তাবে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ ২০ হাজার লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এই তেল কিনতে মোট ব্যয় হবে প্রায় ১৫৮ কোটি ৮৭ লাখ টাকা, এবং প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৬৪.২১০ টাকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহ করা এই পণ্যগুলো দেশের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সহায়তা করবে।
Copyright © 2026 All rights reserved.