প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
গ্রেফতার আতঙ্কে হিরো আলম, স্ত্রীর মামলায় পরোয়ানা
স্ত্রীর দায়ের করা একটি মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় গ্রেফতার আতঙ্কে রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত আসামিদের জামিনের শর্ত ভঙ্গের কারণে এই পরোয়ানা জারি করেন। হিরো আলম বর্তমানে শুটিংয়ে ব্যস্ত থাকলেও দ্রুত আদালতে হাজির হয়ে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
হিরো আলমের স্ত্রী রিয়া মনি কর্তৃক হাতিরঝিল থানায় দায়ের করা একটি মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী আদালতকে জানান, আসামিরা জামিনের শর্ত অনুযায়ী নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন না। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হিরো আলম বলেন, যে মামলার আপস হয়ে গিয়েছিল, সেই মামলাতেই আবার গ্রেফতারি পরোয়ানা জারি হলো। আমার আইনজীবীর কাছে সব কাগজপত্র আছে। আজকে যেতে পারছি না, কালকে আদালতে যাব। আইনের জবাব আইনের ভাষাতেই দিতে হবে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মনোমালিন্যের একপর্যায়ে হিরো আলম তাঁর স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন এবং তাঁর দেড় ভরি ওজনের সোনার চেইন রেখে দেন। এই ঘটনায় গত ২৩ জুন রিয়া মনি মামলাটি দায়ের করেন।
Copyright © 2026 All rights reserved.