প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
দুদকের মামলায় বন কর্মকর্তা কারাগারে
জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া বন কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরী বর্তমানে ফেনী জেলার দাগনভূঞায় রেঞ্জ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জেও দায়িত্ব পালন করেন।
দুদক সূত্র জানায়, রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরী অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ লাখ ৬১ হাজার ৬৪৮ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপন করেন। এছাড়াও, তিনি তাঁর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫১ লাখ ৩৩ হাজার ৮৩৪ টাকার অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।
এই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৩ সালের ১৬ এপ্রিল তাঁর বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ১২ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি এর আগে মহানগর দায়রা জজ আদালত থেকে জামিনে ছিলেন এবং জামিনের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তাঁর জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Copyright © 2026 All rights reserved.