প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
যাত্রী সেজে বাসে আগুন, শাহ আলীতে ৩ জন পলাতক
রাজধানীর শাহ আলী থানা এলাকায় যাত্রী সেজে শতাব্দী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে তিনজন দুষ্কৃতিকারী।
বুধবার (১২ নভেম্বর) বেলা একটার দিকে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, আগুন লাগানোর পরপরই অভিযুক্তরা বাস থেকে নেমে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম নিশ্চিত করেছেন যে, মিরপুর-২ নম্বর থেকে সনি সিনেমা হল পেরিয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিল শতাব্দী পরিবহনের বাসটি। পথেই যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি হঠাৎ করে বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত পালিয়ে যায়।
ওসি আরও জানান, আগুনে বাসের সামনের দিকের কয়েকটি আসন পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় কোনো যাত্রী বা স্টাফ হতাহত হননি।
এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
Copyright © 2026 All rights reserved.