প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
৩৭ কেজির বিরল 'কালো পোয়া' মাছ, দাম সোয়া লাখ
পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে জেলের জালে ধরা পড়েছে ৩৭ কেজি ওজনের বিরল সামুদ্রিক মাছ 'কালো পোয়া'। স্থানীয়ভাবে যা 'ব্ল্যাক ডায়মন্ড' নামে পরিচিত।
বুধবার (১২ নভেম্বর) সকালে মাছটি বাজারে তোলা হলে ১ লাখ ১১ হাজার টাকায় বিক্রি হয়। মাছটির বায়ু থলির ঔষধি গুণাগুণের কারণে আন্তর্জাতিক বাজারে এর বিশাল চাহিদা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
মহিপুর মৎস্য বন্দরের মনোয়ারা ফিশে বিরল প্রজাতির এই বিশাল মাছটি আনা হলে সেটি দেখতে ভিড় করে স্থানীয় জনতা। 'আল্লাহর দান' ট্রলারের মাঝি তরিকুল মাছটি ধরেন। তিনি ৩৭ কেজি ওজনের মাছটি ১ লাখ ১১ হাজার টাকায় বিক্রি করেন। স্থানীয় মৎস্য ব্যবসায়ী সগির আকন এত বড় ও দামি মাছ সচরাচর পাওয়া যায় না বলে জানান।
ইকোফিশ বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান জানান, 'কালো পোয়া' (প্রোটোনিবিয়া ডায়াক্যান্থাস) সাইয়েনডি, পরিবারের একটি দুষ্প্রাপ্য মাছ। এই মাছটির বায়ু থলি বা এয়ার ব্লাডার চীনা ঐতিহ্যবাহী ওষুধ ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়, যে কারণে আন্তর্জাতিক বাজারে এর মূল্য অত্যন্ত বেশি। সাধারণত বঙ্গোপসাগরের কক্সবাজার, মহেশখালী, পটুয়াখালী ও বরিশাল উপকূলে এদের দেখা মেলে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এই বিরল মাছ প্রাপ্তিকে আনন্দের সংবাদ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জাটকা ও মা ইলিশ ধরার ক্ষেত্রে সরকারের নিষেধাজ্ঞা মানার সুফল হিসেবে মাছের পরিমাণ ও বৈচিত্র্য বাড়ছে, যা উপকূলীয় অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলছে।
চলতি বছরে আলীপুর মহিপুর মৎস্য বন্দরে এ প্রজাতির মোট পাঁচটি মাছ বিক্রি হয়েছে বলে জানা গেছে।
Copyright © 2026 All rights reserved.