প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
ইসি রেফারি, খেলোয়াড়রা না খেললে নিরপেক্ষতা ঝুঁকিতে: সিইসি
রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন কমিশন (ইসি) তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ইসি নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায়, তবে খেলোয়াড়দের সহযোগিতা অত্যাবশ্যক।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি এই মন্তব্য করেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, কমিশন একটি বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন করতে গিয়ে নানা ধরনের চাপের মুখে আছে। এই কারণে তিনি নির্বাচনে অংশীজনদের কাছে আগের চেয়ে কয়েক গুণ বেশি সহযোগিতা চেয়েছেন।
সিইসি পোস্টার নিষিদ্ধ করার পরও ঢাকা শহর পোস্টারে ছেয়ে থাকায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এটি অনভিপ্রেত এবং দলগুলো যদি স্ব-উদ্যোগে পোস্টার সরিয়ে নেয়, সেটাই সবচেয়ে ভদ্র আচরণ হবে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
এছাড়া, প্রধান নির্বাচন কমিশনার সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং একে 'বড় বিপদ' হিসেবে আখ্যায়িত করেন। তিনি এই প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে সবার সহযোগিতা কামনা করেন।
Copyright © 2026 All rights reserved.