প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
যুক্তরাজ্যের উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যান ঢাকা সফরে
যুক্তরাজ্যের আন্তর্জাতিকবিষয়ক উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যান দুদিনের সফরে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাংলাদেশে এসেছেন। তাঁর এই সফর মূলত অভিবাসন, মানবিক সহায়তা, জলবায়ু ইস্যু এবং অর্থনৈতিক সহযোগিতাকে ঘিরে। তিনি রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের সহায়তার বিষয়টি নিশ্চিত করবেন এবং জলবায়ু ইস্যুতে নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারেন। তিনি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, মন্ত্রীর এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য। এটি জেনি চ্যাপম্যানের বাংলাদেশে প্রথম সফর, যেখানে তিনি রোহিঙ্গা নারী ও কিশোরীদের সঙ্গে দেখা করবেন এবং তাঁদের জন্য যুক্তরাজ্যের সহায়তা নিশ্চিত করবেন। অতি সম্প্রতি ঘোষিত ২৭ মিলিয়ন পাউন্ডের নতুন মানবিক সাহায্য প্যাকেজের পরেই এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের আহ্বান জানিয়ে আসছে।
এই সফরে মন্ত্রী চ্যাপম্যান জলবায়ু সংকটের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে নতুন সহায়তা দেওয়ার ঘোষণা দিতে পারেন। এই সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ জলবায়ু-সহনশীল কৃষি কৌশলের মতো ক্ষেত্রগুলোতে দক্ষতা প্রশিক্ষণের জন্য তহবিল পাবে। তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত কর্মসূচিগুলো সরেজমিন পরিদর্শন করবেন।
সফরে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি অনিয়মিত অভিবাসনসংক্রান্ত যুক্তরাজ্য-বাংলাদেশ সহযোগিতা নিয়ে একটি গোলটেবিল বৈঠকেও যোগ দেবেন।
সফর প্রসঙ্গে জেনি চ্যাপম্যান বলেন, বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থী সমর্থন, জলবায়ু সংকট মোকাবিলা এবং অনিয়মিত অভিবাসন প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাজ্যের সত্যিকারের অংশীদার। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এই সফরকে আধুনিক ও পারস্পরিকভাবে উপকারী উন্নয়ন অংশীদারত্বের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেছেন।
Copyright © 2026 All rights reserved.