প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
জাজিরায় হাতবোমা হামলায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত, আটক ৩
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় দুষ্কৃতকারীদের ছোঁড়া হাতবোমার আঘাতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এই হামলার ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা মহাসড়কে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে জাজিরা উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের তস্তারকান্দি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভোরে মহাসড়ক অবরোধ করে গাছের গুঁড়ি ফেলে ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। এতে গাড়ির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ সদস্যরা প্রাণ বাঁচাতে পিছু হটলে দুষ্কৃতকারীরা একই পথ দিয়ে যাওয়া একটি চিনির ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, হামলাকারীরা একটি ট্রাকেও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। পরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Copyright © 2026 All rights reserved.