প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
ঐক্যবদ্ধ জাতির সামনে নৈরাজ্যের স্থান নেই: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মন্তব্য করেছেন, জাতি ঐক্যবদ্ধ থাকলে এবং জনগণ সজাগ থাকলে দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার বা দেশে নৈরাজ্য সৃষ্টির শক্তি কারো নেই। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এদিন ট্রাইব্যুনাল জুলাই গণহত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায়ের দিন ধার্য করেন। আগামী এক সপ্তাহের মধ্যে এই মামলার রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের মামলার রায়ের দিন ধার্য করেন। প্রসিকিউশন পক্ষ পলাতক শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা দাবি করলেও, রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের শাস্তির বিষয়টি আদালতের ওপর ছেড়ে দিয়েছে।
রায় ঘোষণার দিন ধার্য ঘিরে দেশের চলমান পরিস্থিতি নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, বিচার প্রক্রিয়াকে বানচাল করার উদ্দেশ্যে কেউ কোনো হুমকি দিলে বা কার্যক্রম চালালে তা আদালত অবমাননার শামিল হবে। তিনি বলেন, "দেশে সরকার আছে, জনগণ আছেন—তাঁরা সবকিছু ভালো বোঝেন। যারা উসকানি দেবেন বা সন্ত্রাসের চেষ্টা করবেন, আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।" তিনি দেশের জনগণের দেশপ্রেম ও বিভিন্ন বাহিনীর প্রতি আস্থা প্রকাশ করে আশা প্রকাশ করেন যে বিচ্ছিন্ন ঘটনাগুলো কোনো প্রভাব ফেলবে না এবং সবকিছু স্বাভাবিকভাবে হবে।
জাতিসংঘে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার প্রসঙ্গে তিনি বলেন, এই বিচার প্রক্রিয়া ছিল সম্পূর্ণ স্বচ্ছ (ট্রান্সপারেন্ট) এবং শক্তিশালী সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে হয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আইন নিজস্ব গতিতে চলবে, ন্যায়বিচার নিজস্ব গতিতেই চলবে।
এই মামলায় তিন আসামির বিরুদ্ধে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। মামলায় মোট ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গত ২৩ অক্টোবর প্রসিকিউশন ও স্টেট ডিফেন্স আইনজীবীর যুক্তিতর্ক শেষ হয়।
Copyright © 2026 All rights reserved.