প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
দুই অধ্যাদেশ সংশোধন নিয়ে বিমান উপদেষ্টার সংবাদ সম্মেলন বিকেল ৩টায়
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের সংশোধন নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে এর মধ্যে 'বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ-২০২৫' নিয়ে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে, যেখানে বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) জানিয়েছে, প্রস্তাবিত সংশোধনী আন্তর্জাতিক মান বজায় রাখায় বাধা সৃষ্টি করতে পারে এবং বাংলাদেশকে 'গুরুতর নিরাপত্তা উদ্বেগের দেশ' হিসেবে চিহ্নিত করার ঝুঁকি তৈরি করতে পারে।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, সংবাদ সম্মেলনে 'বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' এবং 'বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ, ২০২৫'—এই দুটি সংশোধিত আইনগত বিষয় নিয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।
বেবিচক সংশোধনের খসড়া পর্যবেক্ষণ করে জানিয়েছে, ২০১৭ সালের বিদ্যমান আইনে বেবিচক চেয়ারম্যানকে বিমান নিরাপত্তাসংক্রান্ত নির্দেশ, আদেশ ও বিজ্ঞপ্তি জারির ক্ষমতা দেওয়া আছে, যা আন্তর্জাতিক মান ও আইকাও (আই সি এ ও) নিয়ম মেনে দ্রুত পরিবর্তনের জন্য সহায়ক।
কিন্তু প্রস্তাবিত অধ্যাদেশে 'রুলস অব বিজনেসের ১৪(ক) অনুচ্ছেদ' অনুসরণ করার কথা বলা হয়েছে, যেখানে কোনো সময়সীমা নির্ধারিত নেই। বেবিচক সতর্ক করেছে যে, এর ফলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন কার্যকর করা সম্ভব হবে না। বেবিচক মনে করে, এই বিলম্বের কারণে আইকাও বাংলাদেশকে 'গুরুতর নিরাপত্তা উদ্বেগের দেশ' হিসেবে চিহ্নিত করতে পারে, যা দেশের বিমান খাতের জন্য বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।
Copyright © 2026 All rights reserved.