প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
চট্টগ্রামে এবি ব্যাংকের কর্মকর্তা গ্রেপ্তার
প্রতারণার মাধ্যমে প্রায় ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে অনামিকা দত্ত (৩২) নামে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। ব্যাংকটি দেউলিয়া হয়ে যাচ্ছে এমন মিথ্যা তথ্য দিয়ে এক গ্রাহকের এফডিআর ভেঙে টাকা আত্মসাৎ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত অনামিকা দত্ত চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকার বাসিন্দা এবং এবি ব্যাংকের জুবলি রোড শাখায় কর্মরত ছিলেন। গত ১০ নভেম্বর দেবীকা চৌধুরী নামে এক নারী বাদী হয়ে কোতোয়ালী থানায় অনামিকা দত্ত, তাঁর বাবা সুহৃদ বরণ দত্তসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে একটি প্রতারণার মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবীকা চৌধুরী এবি ব্যাংকের স্টেশন রোড শাখায় লেনদেন করতেন এবং সেখানেই অনামিকা দত্তের সঙ্গে তাঁর পরিচয় হয়। অনামিকা একপর্যায়ে দেবীকার বিশ্বাস অর্জন করে তাঁকে জানান যে ব্যাংকটি দেউলিয়া হয়ে যেতে পারে। এই সুযোগে তিনি দেবীকাকে তার নামে থাকা এফডিআর ভেঙে ফেলতে পরামর্শ দেন।
এরপর গত ৫ অক্টোবর এবি ব্যাংকের আন্দরকিল্লা শাখা থেকে ভুল বুঝিয়ে দেবীকা চৌধুরীর এফডিআর হিসাব থেকে নিজের নামে ১৪ লাখ ৭৯ হাজার ৮৮৫ টাকা স্থানান্তর করেন অনামিকা। পরে ৭ অক্টোবর একই কৌশলে জুবলি রোড শাখা থেকে আরও ১৪ লাখ টাকা তুলে নেন। এভাবে মোট ২৮ লাখ ৭৯ হাজার ৮৮৫ টাকা আত্মসাৎ করা হয়।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাংক থেকে কীভাবে টাকা আত্মসাৎ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, এবি ব্যাংকের চট্টগ্রাম জোনাল কর্মকর্তা মো. দিদারুল আলম দাবি করেছেন, অনামিকা দত্ত ব্যাংকের স্থায়ী কর্মকর্তা নন এবং টাকা লেনদেনের বিষয়টি তাঁর আত্মীয়ের সঙ্গে ঘটেছে। তবে বাদী দেবীকা চৌধুরী এই আত্মীয়তার সম্পর্ক অস্বীকার করেছেন।
Copyright © 2026 All rights reserved.