প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
মুন্সীগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, ছিনতাইয়ের অভিযোগ
মুন্সীগঞ্জের গজারিয়ায় রতন আহমেদ (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর সেতু সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রতন আহমেদ পেশায় ল্যাবরেটরি টেকনিশিয়ান ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে খুন করে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে।
নিহত রতন আহমেদ বগুড়া জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বড়ইকান্দি ভাটেরচর গ্রামে ভাড়া থাকতেন। তিনি নারায়ণগঞ্জের মদনপুর এলাকার বারাকা হাসপাতালে কাজ করতেন এবং ডিউটি শেষে নিয়মিত গভীর রাতে গজারিয়ার বাসায় ফিরতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে ভাটেরচর সেতুর পশ্চিম দিকের ঢালে স্থানীয়রা রতন আহমেদকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিকটস্থ গজারিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গজারিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের বাবা আব্দুল জলিল অভিযোগ করে বলেন, আমার ছেলের মোবাইল ফোন, টাকা-পয়সাসহ কিছুই পাওয়া যায়নি। হামলাকারীরা তাঁকে কুপিয়ে সব নিয়ে গেছে। তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমরা এ বিষয়ে থানায় মামলা করব।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ১১টার পর কল পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। অবস্থা দেখে মনে হচ্ছে তাঁকে খুন করা হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Copyright © 2026 All rights reserved.