প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
ইসলামিক গেমসে টিটি ফাইনালে বাংলাদেশ, নিশ্চিত হলো রৌপ্য
সৌদি আরবে চলমান ইসলামিক সলিডারিটি গেমসের টেবিল টেনিস (টিটি) মিশ্র দ্বৈত বিভাগে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সেমিফাইনালে বাহরাইনকে ৩-১ সেটে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করে খৈ খৈ সাই মারমা ও জাভেদ আহমেদ জুটি। এই জয়ের ফলে বাংলাদেশের রৌপ্য পদক নিশ্চিত হয়েছে। আজ রাতে ফাইনাল ম্যাচে তুরস্কের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
টেবিল টেনিসে ইসলামিক গেমসে এবারই প্রথম পদক পেল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার বাইরেও এটি বাংলাদেশের প্রথম টিটি পদক। গতকাল সেমিফাইনালে ওঠায় দলটির ব্রোঞ্জ নিশ্চিত হয়েছিল, আর আজ ফাইনালে উঠে রৌপ্য পদক নিশ্চিত করল।
সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের জাভেদ আহমেদ ও খৈ খৈ সাই মারমা প্রথম গেমে ১৩-১১ পয়েন্টে জয় লাভ করে। দ্বিতীয় গেমে বাহরাইন ৭-১১ পয়েন্টে জয় পেয়ে সমতা আনে। তবে তৃতীয় গেমে ১২-১০ পয়েন্টে জিতে বাংলাদেশ পুনরায় এগিয়ে যায়। লড়াইপূর্ণ তৃতীয় সেটের পর চতুর্থ গেমে বাহরাইন দাঁড়াতেই পারেনি; ১১-৩ পয়েন্টে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।
উল্লেখ্য, এই ইসলামিক গেমসে বাংলাদেশের পদক সংখ্যা এখন চার। এর আগে ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোটের ওপর তিনটি ব্রোঞ্জ পদক জয় করেছিলেন।
Copyright © 2026 All rights reserved.