প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
চীন সীমান্তের কাছে ভারতের নতুন বিমানঘাঁটি নির্মাণ
চীন সীমান্তবর্তী হিমালয় পার্বত্য অঞ্চলের লাদাখে নতুন একটি বিমানঘাঁটি নির্মাণ করছে ভারত। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩ হাজার ফুট উচ্চতায় নির্মিতব্য এই স্থাপনাটি হতে যাচ্ছে ভারতের উচ্চতম বিমানঘাঁটি।
ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এ. পি. সিং গতকাল বুধবার (১৩ নভেম্বর) নির্মাণাধীন ঘাঁটিটি পরিদর্শন করেন। এই সামরিক স্থাপনাটি চীন ও পাকিস্তানের জন্য একটি নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।
ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মুধ-নিওমা এলাকায় এই বিমানঘাঁটি তৈরি করা হচ্ছে। যদিও ভারতীয় বিমানবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা নির্মাণকাজ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি, তবে এটি ভারতের সামরিক প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, নির্মাণাধীন এই বিমানঘাঁটির যুদ্ধবিমান পরিচালনা করার মতো সক্ষমতা থাকবে। তিনি মন্তব্য করেন যে, এই নতুন ঘাঁটি ভারতের দুই প্রতিদ্বন্দ্বী—পাকিস্তান ও চীনের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে।
উল্লেখ্য, গত শতকের পঞ্চাশের দশক থেকে লাদাখ সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে বিবাদ চলছে। সর্বশেষ ২০২০ সালে লাদাখের গালাওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘাত হয়, যেখানে উভয় পক্ষের সামরিক হতাহতের ঘটনা ঘটেছিল। সম্প্রতি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক শুরু হলেও, রাজনৈতিক বিশ্লেষকদের মতে নয়াদিল্লি এখনো বেইজিংয়ের ওপর সম্পূর্ণ আস্থা আনতে পারেনি, যার প্রতীক এই উচ্চতম সামরিক স্থাপনা।
Copyright © 2026 All rights reserved.