প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
ভাঙ্গায় লাগেজভর্তি পেট্রলবোমা উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কের পাশ থেকে লাগেজভর্তি ৩২টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা চলমান 'লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো সেখানে রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ভাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, নাশকতার প্রস্তুতির খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে মুনসুরাবাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা কালো রঙের একটি লাগেজ সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে সেই লাগেজ খুলে সেভেন আপ, পেপসি ও কোকাকোলার কাচের বোতলে তৈরি ৩২টি পেট্রলবোমা পাওয়া যায়।
ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ৩২ বোতল পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। নাশকতার উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল বলে ধারণা করছি। তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগের দিন বুধবারও উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রাম থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রলবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল এবং তখন তিনজনকে আটক করা হয়েছিল।
Copyright © 2026 All rights reserved.