প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
লিফটের ফাঁকা দিয়ে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম উলন বাজার এলাকায় একটি নির্মাণাধীন ছয়তলা ভবনের লিফটের ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে আইয়ান মোহাম্মদ জাউজি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত শিশু আইয়ান মোহাম্মদ জাউজি পশ্চিম উলন বাজারের স্থানীয় ব্যবসায়ী মো. শরিফের ছেলে। পরিবারটি ডেভেলপার দ্বারা নির্মিত অসমাপ্ত ওই ছয়তলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকত।
মৃতের ফুফাতো ভাই আশফাক মঈন জানান, দুপুরে কোনো এক সময়ে সিঁড়ি সংলগ্ন লিফটের ফাঁকা স্থান দিয়ে পড়ে যায় আইয়ান। নিচে পড়ে থাকতে দেখে স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।
শিশুর ভাই জানান, আইয়ান ছোটবেলা থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিল। পরিবারের দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা দিয়ে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।
Copyright © 2026 All rights reserved.