প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে খুন ,হামলাকারী আহত
রাজশাহী মহানগরীতে বাসায় ঢুকে এক বিচারকের ছেলেকে হত্যা করা হয়েছে। এ সময় বিচারকের স্ত্রী ও হামলাকারী আহত হয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-কমিশনার গাজীউর রহমান বলেন, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ডাবতলার বাসায় ঢুকে হামলা চালায় এক ব্যক্তি। এতে তার ছেলে তাওসিফ রহমান সুমন নিহত হয়েছেন।
বাসার ব্যবস্থাপক মাহবুব সাংবাদিকদের বলেন, ভবনের পাঁচতলার এক গৃহকর্মী ঝামেলা হচ্ছে বলে নিচে খবর পাঠায়। দ্রুত সেখানে গিয়ে সুমন, তার মা তাসমিন নাহার ও লিমন মিয়া নামে একজনকে মেঝেতে পড়ে থাকতে দেখি।
এরপর সুমনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত তাসমিন নাহার ও লিমন মিয়া হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
সন্দেহভাজন হামলাকারী লিমনের বাড়ি প্রাথমিকভাবে গাইবান্ধায় বলে জানা গেছে।
Copyright © 2026 All rights reserved.