প্রকাশের তারিখঃ Nov 13, 2025 ইং
চোর সন্দেহে ১৬ ঘণ্টা আটকে পিটিয়ে হত্যা, নারী গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থানার উলন এলাকায় চোর সন্দেহে মোহাম্মদ বাপ্পি (১৭) নামে এক কিশোরকে প্রায় ১৬ ঘণ্টা আটকে রেখে অমানবিক নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এই নির্যাতনের ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত কিশোরের মা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে ফৌজিয়া আক্তার প্রীতি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত বাপ্পি শ্যামপুর থানার ধোলাইপাড় এলাকার বাসিন্দা এবং একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা থানার নলবুনিয়া গ্রামে।
নিহতের বড় ভাই পারভেজ জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কাপসি রাসেল, মোল্লা শুভ ও ময়না সাকিব নামে কয়েকজন তাঁর ভাইকে ঘুম থেকে ডেকে তোলে। তাঁকে এক নারীর ৪০ হাজার টাকা মূল্যের বিদ্যুতের কার্ড চুরির অপবাদ দেওয়া হয়। তাঁরা ভোরে বাসায় এসে বাপ্পির মায়ের সামনে তাঁকে মারধর করে এবং পরে তাঁকে ফৌজিয়া আক্তার প্রীতির বাসায় নিয়ে আটকে রাখে।
পারভেজ আরও অভিযোগ করেন, মা বারবার পুলিশে দেওয়ার অনুরোধ করলেও তারা তা শোনেনি এবং তাঁর ভাইকে মারধর করতে থাকে। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে বাপ্পিকে আহত অবস্থায় সাইফুল ইসলামের বাড়ির রাস্তায় একটি অটোরিকশা থেকে ফেলে যাওয়া হয়। এ সময় বাপ্পি তাঁর মায়ের কাছে পানি ও খাবার চেয়েছিল। তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত বাপ্পির বাবা শাহজাহান অভিযোগ করে বলেন, তারা আমার ছেলেকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে হাতুড়ি ও এসএস পাইপ দিয়ে সারা শরীরে আঘাত করে। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করার পর তারা সারা শরীরে হলুদ ও লবণ মাখিয়ে দেয়। আমরা এই নির্মম হত্যার বিচার চাই।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জুয়েল মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মা পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এই ঘটনায় ফৌজিয়া আক্তার প্রীতিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Copyright © 2026 All rights reserved.