প্রকাশের তারিখঃ Nov 15, 2025 ইং
গাজীপুরে ফ্ল্যাট থেকে স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী আহত
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকার একতা ভিলার পঞ্চম তলা থেকে এক নারীর মরদেহ এবং গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধর করেছে পুলিশ। তারা দুইজন স্বামী-স্ত্রী।
শনিবার (১৫ নভেম্বর) ভোরে তাদেরকে উদ্ধার করা হয়।
আহত এমরান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের সুরুজ আলী ও সুলেহা খাতুনের ছেলে। এবং রহিমা এমরানের স্ত্রী।
ভোরের দিকে ফ্ল্যাটের মেঝেতে স্বামী-স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রহিমাকে মৃত অবস্থায় এবং এমরানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। পরে এমরানকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ ব্যূরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) , সিআইডিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রক্তাক্ত অবস্থায় স্বামী স্ত্রী উদ্ধারের পর তল্লাশি চালালে স্বামী এমরান হোসেনের পালস পাওয়া যায়। তাই তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্ত্রী রহিমার মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের মেয়ে শারমিনকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
Copyright © 2026 All rights reserved.