প্রকাশের তারিখঃ Nov 15, 2025 ইং
মুন্সীগঞ্জে ফের সংঘর্ষ: গুলিবিদ্ধ কিশোর
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে স্থানীয় বিএনপি সমর্থিত দুই গ্রুপের মধ্যে পূর্ব বিরোধের জেরে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মাকহাটি এলাকায় এই সংঘর্ষ চলাকালে নাজাত মোল্লা (১৭) নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে ১৫ দিন ধরে চলা এই সংঘাতে এর আগে তিনজন নিহত হয়েছেন।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান—এই দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষটি হয় মাকহাটি, কংসপুরা ও আশুরান এলাকায়।
গুলিবিদ্ধ কিশোর নাজাত মোল্লা (১৭) সদর উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের বাসিন্দা। আহত কিশোর দাবি করেছে, সে স্কুল মাঠে খেলা শেষে বাড়ি ফিরছিল। সে সময় হঠাৎ অন্ধকার থেকে ছোড়া গুলি তার কোমরে লাগে। হামলাকারীদের পরিচয় সে নিশ্চিত করতে পারেনি।
মুন্সীগঞ্জ সদর হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় আহত নাজাতকে হাসপাতালে আনা হলে তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম নিশ্চিত করেন যে, শুক্রবার বিকেলে দুই পক্ষের সংঘর্ষে লিপ্ত হলে এক কিশোর গুলিবিদ্ধ হয় এবং সে বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন। ওসি জানান, এই ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। উল্লেখ্য, গত ১৫ দিনের আধিপত্যের লড়াইয়ে এর আগে দুটি পৃথক সংঘর্ষে মোট তিনজন প্রাণ হারান, যে ঘটনায় দু-পক্ষের দুটি মামলা চলমান রয়েছে।
Copyright © 2026 All rights reserved.