প্রকাশের তারিখঃ Nov 15, 2025 ইং
কলেজ ফি নিয়ে কারিশমা-তনয়দের দাবিকে ‘নাটক’ বলল হাইকোর্ট
প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে চলমান বিবাদের মধ্যে দুই মাসের কলেজ ফি বকেয়া থাকার অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের দুই সন্তান কিয়ান ও সামাইরা। সন্তানদের আইনজীবীর এই আকুতির জবাবে বিচারপতিদের বেঞ্চ সেই দাবিকে 'নাটক' বলে আখ্যা দেন এবং এমন বিষয়ে আদালতে সময় নষ্ট করতে রাজি হননি।
প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের বিশাল সম্পত্তি সংক্রান্ত একটি মামলা নিয়ে উচ্চ আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। সঞ্জয়ের ছেলে কিয়ান ও মেয়ে সামাইরার পক্ষ থেকে সিনিয়র আইনজীবী মহেশ জেঠমালানি আদালতে দাবি করেন, আমেরিকায় পড়াশোনা করা দুই সন্তানের দুই মাসের কলেজ ফি এখনো জমা পড়েনি।
তিনি যুক্তি দেন, সঞ্জয়ের মৃত্যুর পর তাঁর স্ত্রী প্রিয়া কাপুরের হাতে সম্পত্তির দায়িত্ব রয়েছে। বকেয়া ফি-এর এই উদাহরণ তুলে ধরে মহেশ জেঠমালানি দাবি করেন যে, সঞ্জয়ের উইল অনুযায়ী যে বন্দোবস্ত হওয়ার কথা, তা সঠিকভাবে হচ্ছে না।
তবে প্রিয়া কাপুরের আইনজীবী রাজীব নয়ার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি আদালতে জানান, কলেজ ফি ইতোমধ্যেই জমা পড়ে গেছে।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চ তীব্র প্রতিক্রিয়া জানান। আদালত বলেন, এই নিয়ে ৩০ সেকেন্ডও নষ্ট করতে রাজি নই। এই প্রশ্নটা আদালতে আসারই কথা নয়। এমন নাটুকে কথাবার্তা শুনতে রাজি নই।
উল্লেখ্য, চলতি বছরের ১২ জুন লন্ডনে পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যু হয়। তাঁর মৃত্যুর পর থেকেই বিশাল সম্পত্তি নিয়ে আইনি জটিলতা শুরু হয়।
Copyright © 2026 All rights reserved.