প্রকাশের তারিখঃ Nov 15, 2025 ইং
মোংলায় পৌঁছাল মার্কিন গমের তৃতীয় চালান
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের তৃতীয় চালান নিয়ে একটি জাহাজ শনিবার (১৫ নভেম্বর) মোংলা বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। এই চালানে মোট ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম এসেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তির অধীনে এই গম আমদানি করা হয়। খাদ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় শনিবার পৌঁছানো চালানের মাধ্যমে এ পর্যন্ত মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম দেশে এসেছে।
এর আগে গত ২৫ অক্টোবর প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন এবং ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম দেশে এসেছিল।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। নমুনা পরীক্ষার ফল পেলে দ্রুত গম খালাস ও বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2026 All rights reserved.