প্রকাশের তারিখঃ Nov 15, 2025 ইং
খতমে নবুওয়ত মহাসম্মেলন শেষে ৪ দফা কর্মসূচি ঘোষণা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন শেষ হয়েছে নতুন চার দফা কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই সম্মেলনে দেশ-বিদেশের শীর্ষ আলেম-ওলামা এবং বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।
সম্মেলনের মঞ্চ থেকে চার দফা কর্মসূচি ঘোষণা করেন আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—আগামী বছরের এপ্রিল পর্যন্ত আলেম-ওলামা ও তৌহিদি জনতার গণস্বাক্ষর গ্রহণ, মে ও জুন মাসে দেশের প্রতিটি জেলার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশের প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে বিভাগীয় খতমে নবুওয়ত সম্মেলন আয়োজন।
তিনি জানান, এরপরও দাবি আদায় না হলে ডিসেম্বরে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন করে পরবর্তী কঠোর কর্মপন্থা নির্ধারণ করা হবে।
সম্মেলনে বক্তব্য দানকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করা হবে। তিনি আরও বলেন, যারা রাসূলুল্লাহকে (সা.) স্বীকার করে না, বিএনপি তাদের মুসলিম হিসেবে মনে করে না।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে, এ বিষয়ে মুসলিম বিশ্বে কোনো দ্বিমত নেই।
সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক মাওলানা আবদুল হামিদের (পীর সাহেব, মধুপুর) সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে পাকিস্তান, ভারত ও মিসরসহ বিভিন্ন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আলেমগণ উপস্থিত ছিলেন। এছাড়াও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামারা সম্মেলনে যোগ দেন।
Copyright © 2026 All rights reserved.