প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
ইসির সংলাপ থেকে বের করে দেওয়া হলো ইসলামী ঐক্যজোটের একাংশকে
ইসলামী ঐক্যজোটের দুই অংশের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ থেকে দলটির একাংশকে বের করে দেওয়া হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসির সম্মেলন কক্ষে সংলাপ শুরুর আগে এই ঘটনা ঘটে। আমন্ত্রণপত্রের হার্ডকপি দেখাতে না পারায় ইসি এই সিদ্ধান্ত নেয়।
সকাল সাড়ে ১০টার দিকে সংলাপে অংশ নিতে ইসলামী ঐক্যজোটের দুই অংশের প্রতিনিধি দল ইসির সম্মেলন কক্ষে উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়। মুফতি সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বাধীন প্রতিনিধি দল হলে ঢুকেই অপর অংশের প্রধান মুফতি আবুল হাসানাত আমিনীর নেতৃত্বাধীন অংশকে 'ফ্যাসিবাদের দোসর' আখ্যায়িত করে এবং তাদের উপস্থিতিতে সংলাপে অংশ নিতে অস্বীকৃতি জানায়।
পরিস্থিতি সামাল দিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উভয় পক্ষের কাছে আমন্ত্রণপত্রের হার্ডকপি দেখতে চান। এ সময় সাখাওয়াত হোসেন রাজির দল হার্ডকপি দেখাতে সক্ষম হলেও হাসানাত আমিনীর নেতৃত্বাধীন অংশ মোবাইলে থাকা কপি দেখিয়ে হার্ডকপি বাসায় ভুলে রেখে আসার কথা জানান।
সিনিয়র সচিব আখতার আহমেদ স্পষ্ট জানিয়ে দেন, হার্ডকপি ছাড়া সংলাপে অংশ নেওয়া সম্ভব নয়। বারবার অনুরোধ সত্ত্বেও ইসি তাদের সিদ্ধান্তে অনড় থাকে। ফলে হাসানাত আমিনীর নেতৃত্বাধীন অংশকে হল থেকে বের হয়ে যেতে হয়। পরে রাজির নেতৃত্বাধীন প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়।
ঘটনার পর বের হয়ে যাওয়া অংশের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন অভিযোগ করেন, ইসি একতরফা সিদ্ধান্তে তাদের বের করে দিয়েছে, যদিও নির্বাচন কমিশনে তাদের দলের নিবন্ধন রয়েছে।
Copyright © 2026 All rights reserved.