প্রকাশের তারিখঃ Nov 16, 2025 ইং
সাভারে ৫ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সাভারের রাজ ফুলবাড়িয়া স্ট্যান্ডের কাছে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ জানান, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত বাসটিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের গেন্ডা এলাকায় ইউটার্নে পার্কিং করা অন্য একটি বাসে আগুন লাগে। ওই বাসের চালক মো. সেলিম জানান, তিনি বাসের ইঞ্জিনের ওপরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের তাপে তাঁর ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার করে বের হয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১০টায় খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুনে দ্বিতীয় বাসটির প্রায় ১০ শতাংশ পুড়ে গেছে। তবে এই বাসে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। হাইওয়ে থানা ইতিহাস পরিবহনের বাসটি উদ্ধার করে নিয়ে গেছে।
Copyright © 2026 All rights reserved.